শহীদ জিয়াউর রহমানের স্মরণে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি স্মরণে এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চায়না বার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
উত্তর ইসলামাবাদ যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ ফুটবল টুর্ণামেন্টের খেলা অনুষ্ঠিত হয় উপজেলার সুজাতপুর বাজার সংলগ্ন মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে। টুর্ণামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, মতলব দক্ষিণ উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি ভোলানাথ সাহা, ১৩ নম্বর ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আরিফ হোসেন (জয়) এবং সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সজীব পাটোয়ারী।
এ সময় বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যুবসমাজকে মাঠমুখী করে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
টুর্ণামেন্টের আয়োজকরা বলেন, “ক্রীড়াই শক্তি—ক্রীড়াই বল, মাদক ছেড়ে—মাঠে চল”—এই স্লোগানকে সামনে রেখে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করাই তাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তারা খেলাধুলায় যুক্ত হয়ে মাদককে না বলার আহ্বান জানান এবং সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।























