কুমিল্লায় বিশেষ আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) কুমিল্লা জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়া। সভায় কুমিল্লা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং জেলার গোয়েন্দা কার্যক্রম আরো জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আরো সক্রিয় ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ করে মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা, সাইবার অপরাধ প্রতিরোধ, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলার তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্টদের তৎপর হওয়ার নির্দেশনা দেওয়া হয়। সভায় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলার সব থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।



















