বড় কিনা চকে যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
“বৃক্ষ রোপণ হবে না শেষ, সবুজে গড়ব সোনার দেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় কিনা চক যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বড় কিনা চক এলাকায় আয়োজিত এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মো. মঞ্জুর আমিন স্বপন।
এ সময় ৮ নম্বর ওয়ার্ডের বড় কিনা চক ও হাপানিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা এবং যুব সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়। পাশাপাশি মিয়া মো. মঞ্জুর আমিন স্বপন স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মিয়া মো. মঞ্জুর আমিন স্বপন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি বৃক্ষ রোপণ করতে হবে। একই সঙ্গে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এলাকার সবুজায়ন বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। শুধু বৃক্ষ রোপণ নয়, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণে স্থানীয় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।





















