রাজশাহী রেঞ্জের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রেঞ্জাধীন বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ। সভায় রাজশাহী রেঞ্জাধীন জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জুলাই মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত ও রহস্য উদ্ঘাটন, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পুলিশের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরো দায়িত্বশীল, তৎপর ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। তিনি অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, মাদকবিরোধী অভিযান আরো জোরদার, সাইবার অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত তামিল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্বারোপ করেন।
পাশাপাশি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। সভায় গত জুন ও জুলাই মাসে বিশেষ কার্যক্রমের মাধ্যমে মামলা রহস্য উদ্ঘাটন, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করেন ডিআইজি মো. আশিক সাঈদ।
পুরস্কার প্রদানকালে ডিআইজি কর্মকর্তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও আরো নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সভায় কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; অ্যাডিশনাল ডিআইজি (অ্যান্টি টেররিজম ইউনিট), রাজশাহী বিভাগ; রাজশাহী রেঞ্জাধীন সব জেলার পুলিশ সুপার এবং রেঞ্জ কার্যালয়সহ বিভিন্ন জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।