নোয়াখালী জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
নোয়াখালী জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। বুধবার (১২ আগস্ট) সকাল ৭টায় নোয়াখালী পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে নোয়াখালী জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ, কর্মকর্তা ও ফোর্স সদস্যরা অংশগ্রহণ করেন।
অভিবাদন মঞ্চে উপস্থিত থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নোয়াখালী মো. লিয়াকত আকবর।
প্যারেড পরিদর্শনকালে ডিআইজি অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, ড্রিল ও টার্নআউট পরিদর্শন করেন। মানসম্মত পারফরম্যান্সের ভিত্তিতে তিনি সংশ্লিষ্ট সদস্যদের জিএস মার্ক প্রদান করেন। প্যারেডের সার্বিক শৃঙ্খলা ও প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে ডিআইজি জেলা পুলিশের সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
তিনি পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনসেবামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।



















