সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
নোয়াখালী জেলা পুলিশের সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। তিনি বলেন, পুলিশের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জনগণকে উন্নতমানের সেবা নিশ্চিত করতে হবে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় নোয়াখালী জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক হলে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিআইজি জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স সদস্যদের সঙ্গে আন্তরিক পরিবেশে মতবিনিময় করেন।
এ সময় তিনি পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান সুযোগ-সুবিধা, সমস্যা ও বাস্তব চ্যালেঞ্জের কথা মনোযোগ দিয়ে শোনেন। পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন ডিআইজি। যেসব বিষয়ে দীর্ঘমেয়াদি পদক্ষেপ প্রয়োজন, সেসব বিষয় যথাযথভাবে বিবেচনা করার আশ্বাসও দেন তিনি।
ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, পুলিশের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার পাশাপাশি সততা ও মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জনগণের আস্থা অর্জনে প্রতিটি পুলিশ সদস্যকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

























