গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে ১৯ জুলাই, রবিবার সকালে নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা ৩০ মিনিটে প্যারেড মাঠে সালাম গ্রহণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।
প্যারেডে সালাম গ্রহণ করেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন। তিনি প্যারেডে অংশগ্রহণকারী সদস্যদের প্যারেড মান এবং টার্ন-আউট (পোশাক ও পরিচ্ছন্নতা) পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (প্রবি) চৌধুরী ফেরদৌস জামিল।
পরিদর্শন শেষে পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, “পুলিশিং সেবায় পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখা একান্ত জরুরি। প্রতিটি পুলিশ সদস্যকে সঠিক ড্রেস রুলস অনুসরণ, জনগণের সাথে উত্তম ব্যবহার এবং নিয়মিত প্যারেড অনুশীলনের মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।”
প্যারেড পরিদর্শন পরবর্তী সময়ে পুলিশ সুপার জেলা পুলিশের ব্যবহৃত বিভিন্ন যানবাহনগুলো সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান; অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃ আসাদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রানী সিনহা। এছাড়াও জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টরগণ এবং বিভিন্ন ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





















