স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে IOM-এর নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সাথে বাংলাদেশ সচিবালয়ে তার অফিসকক্ষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর বাংলাদেশে নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড (Dr. Laura Tomm-Bonde) সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই ) অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এটি IOM-এর বাংলাদেশ মিশনের প্রধান হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তার প্রথম দ্বিপাক্ষিক বৈঠক।
বৈঠকে আইওএম-এর সাথে দুই দশকের দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদার করা, জাতীয় মানবপাচার বিরোধী প্রচেষ্টা শক্তিশালীকরণ, সাইবার প্রযুক্তিনির্ভর মানবপাচার রোধ এবং আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ সময় মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকীকরণ, প্রযুক্তিগত সক্ষমতা বিকাশ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আইওএম মিশন প্রধান জানান, সংস্থাটির ডেপুটি ডিরেক্টর জেনারেল (DDG) উগোচি ড্যানিয়েল আগামী ১ থেকে ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। এই সফর উপলক্ষ্যে আগামী ৪ আগস্ট ইউএন হাউজ বাংলাদেশে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর যৌথ উদ্যোগে প্রণীত ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা’ (Integrated Border Management – IBM) কৌশলের জাতীয় বৈধকরণের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোয় সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি পুলিশের বিশেষ শাখাসহ (Special Branch) অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা প্রদানে আইওএম তাদের অঙ্গীকার পুনর্নিশ্চিত করে। এছাড়া নীতি সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ, গবেষণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং বৈশ্বিক তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়।
উক্ত বৈঠকে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং আইওএম-এর ন্যাশনাল কনসালটেন্ট (গভর্মেন্ট) ড. এস এম মোরশেদ উপস্থিত ছিলেন।
























