জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান পানিসম্পদ মন্ত্রীর
জাতীয় স্বার্থে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি।
শনিবার ( ৮ আগস্ট) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আইইবি ঢাকা কেন্দ্রের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শনী এবং স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার এক ঐতিহাসিক বিজয়। নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন-সংগ্রাম করে আসছিল।’ এ সময় তিনি স্মরণ করেন যে, এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছিল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘জুলাই কোনো দলের একক কৃতিত্ব নয়, জুলাই হচ্ছে এদেশের জনগণের।’ জুলাইয়ের চেতনা সমুন্নত রাখা এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা এ সময় তিনি পুনর্ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ‘জুলাই প্রশ্নে কোনো আপস নেই। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না, কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না।’ ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার ব্যাপারে গণতন্ত্রকামী দেশবাসীকে সর্বদা সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ সম্মাননা ও উপস্থিতি: অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শনী এবং স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। জুলাইয়ে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবিদুল ইসলাম আবিদকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ এমপি, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজু এবং আইইবির সাধারণ সম্পাদক ও ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান প্রমুখ।

















