সুনামগঞ্জে সহকারী পুলিশ সুপারদ্বয়ের বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. ইমাম হোসেন সুনামগঞ্জ জেলা হতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার কাঞ্চন কুমার সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এ বদলি হওয়ায় তাঁদের সম্মানে বুধবার (২৯ জুলাই ) বিকেল ৩টায় সুনামগঞ্জ পুলিশ অফিসের কনফারেন্স রুমে এক আন্তরিক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল), চাতক চাকমাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিদায়ী কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে পুলিশ সুপার বলেন, সুনামগঞ্জ জেলায় দায়িত্ব পালনকালে অর্জিত অভিজ্ঞতা তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি তাঁদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান এবং নতুন কর্মস্থলে সর্বাঙ্গীণ সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বিদায়ী দুই সহকারী পুলিশ সুপার তাঁদের বক্তব্যে সুনামগঞ্জ জেলা পুলিশের আন্তরিক সহযোগিতা, সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ এবং দায়িত্ব পালনের সুযোগের জন্য পুলিশ সুপারসহ জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।















