নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণা জেলা পুলিশের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলার তদন্তের মানোন্নয়ন, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, চুরি, ডাকাতি, সাইবার ক্রাইমসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয়। সভায় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল এবং মামলার তদন্ত কার্যক্রমে আরো তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। এ সময় পুলিশ সুপার অপরাধের ধরন ও প্রবণতা বিশ্লেষণ করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে থানাভিত্তিক কার্যক্রম আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলার সব থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।



















