রাঙ্গামাটি জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার সকালে আয়োজিত এই প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা এবং টার্নআউট মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত সদস্যদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জিএস মার্ক প্রদান করা হয়।
পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, শতভাগ নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও আইনানুগ আচরণের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দারের নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশের ৭টি সুশৃঙ্খল কন্টিনজেন্ট পুলিশ সুপারকে অভিবাদন জানানোর মাধ্যমে প্যারেডের সমাপ্তি ঘটে। প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করেন।
এছাড়া কিট প্যারেড পরিদর্শনের মাধ্যমে তিনি পুলিশ সদস্যদের সরকারি সরঞ্জামাদি ও ইউনিফর্মের সঠিক সংরক্ষণ, ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (বরকল সার্কেল) আসিফ ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার, সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) মো. নুরুল আমীন ও সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



















