চুয়াডাঙ্গায় অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আবেগঘন পরিবেশে সদর সার্কেলের সদ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জুলাই বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানের পেশাগত দক্ষতা, সততা, দায়িত্বনিষ্ঠা ও মানবিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলায় কর্মকালে এই কর্মকর্তা অত্যন্ত নিষ্ঠা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। পুলিশ সুপার তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।
উল্লেখ্য, মো. মোস্তাফিজুর রহমান গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। চুয়াডাঙ্গায় দায়িত্ব পালনকালে তিনি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের নিরবচ্ছিন্ন সেবা প্রদানে আপসহীন ভূমিকা রাখেন। তার পেশাদারিত্ব, সততা ও সাহসিকতা সর্বমহলে প্রশংসিত হয়েছে। সম্প্রতি তাঁকে নড়াইল জেলা পুলিশে বদলি করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তার হাতে সম্মানসূচক স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন। এ সময় আবেগপ্রবণ হয়ে বিদায়ী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল স্তরের সদস্যের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি চুয়াডাঙ্গায় কর্মরত থাকাকালীন অভিজ্ঞতা ও নানা স্মৃতিচারণ করেন।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে এক সৌহার্দ্যপূর্ণ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
















