ফরিদপুরে সামাজিক ব্যাধি রোধে পুলিশ সুপারের কড়া বার্তা
ফরিদপুরের নগরকান্দায় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যাসহ বিভিন্ন সামাজিক ব্যাধি প্রতিরোধে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ জুলাই শনিবার দুপুরে নগরকান্দার ভবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।
সভায় সামাজিক অপরাধ নিরসনে স্থানীয় পুলিশ ও প্রশাসনের ভূমিকার পাশাপাশি জনসচেতনতার ওপর বিশেষ জোর দেওয়া হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী কঠোর বার্তা দিয়ে বলেন,
“কেবল আইন প্রয়োগ করে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া কিংবা বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি রুখতে হলে প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না; জমিজমা সংক্রান্ত যেকোনো বিরোধ বা স্থানীয় সংঘাত নিরসনে জনপ্রতিনিধি এবং পুলিশের সহায়তা নিন। একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়তে প্রশাসন ও জনগণের সমন্বয় অপরিহার্য।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম। তিনি অপরাধ নির্মূলে সামাজিক দায়বদ্ধতা এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির ভয়াবহ কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে পারিবারিক নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ এবং কঠোর আইনি অবস্থানের ওপর জোর দেওয়া হয়।
এছাড়া গ্রামীণ পর্যায়ে জমিজমা সংক্রান্ত সংঘাত নিরসনে স্থানীয় সালিশি ব্যবস্থা ও যথাযথ আইনি প্রক্রিয়ার ব্যবহারের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে স্থানীয় পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীসমাজের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।















