শেরপুর জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানিয়েছেন শেরপুরের পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম।
১৩ জুলাই সোমবার বেলা ২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
সভার শুরুতেই পূর্ববর্তী মাসের সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। এরপর জেলার প্রতিটি থানার অপরাধচিত্র বিশ্লেষণ ও মামলা নিষ্পত্তির অগ্রগতি পর্যালোচনা করা হয়।
থানা এলাকায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট (পরোয়ানা) তামিল এবং চুরি-ছিনতাই রোধে পুলিশি তৎপরতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। একই সাথে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন উৎসব ‘রথযাত্রা মহোৎসব’ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে তিনি উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, “ভালো কাজের এই স্বীকৃতি ফোর্সের কাজের গতি ও মনোবল আরও বাড়িয়ে দেবে। জনগণকে আইনি সুরক্ষা দিতে শেরপুর জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”









