খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম বদলীজনিত বিদায় উপলক্ষে ৯ মার্চ সোমবার বিশেষ কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তিনি পুলিশ সুপারের হিসেবে বগুড়া জেলায় বদলী হওয়ায় জেলা পুলিশ পুলিশ লাইন্স ড্রিলশেড-এ বিশেষ কল্যাণ সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে অত্র খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের সকল পদবীর অফিসার ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। বিদায়ী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা খাগড়াছড়ি পার্বত্য জেলায় তার সফল কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে, তার কর্মকালীন সময়ে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি যে বলিষ্ঠ নেতৃত্ব ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন, তা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
তার বলিষ্ঠ নেতৃত্বে এ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষা নয়, বরং জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জেলা পুলিশের প্রতিটি সদস্যের কল্যাণ ও জীবনযাত্রার মানোন্নয়নে তিনি ছিলেন সচেষ্ট। কল্যাণ সভায় বক্তারা বিদায়ী পুলিশ সুপার ও তার পরিবারের সুস্বাস্থ্য ও নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন।
বিদায়ী পুলিশ সুপার তার বক্তব্যে খাগড়াছড়ি জেলা পুলিশের সকল সদস্য এবং জেলার আপামর জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।










