চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির সঙ্গে নোয়াখালী পুলিশের মতবিনিময়
নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। বুধবার (১২ আগস্ট) নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। সভায় নোয়াখালী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান কার্যক্রম, বিভিন্ন অর্জন, বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান কার্যক্রম তুলে ধরেন। ডিআইজি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো সুদৃঢ়, স্থিতিশীল ও জনবান্ধব রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরো গতিশীল করা, মাদক, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও পুলিশের প্রতি আস্থা নিশ্চিত করতে জনবান্ধব পুলিশিং আরো বেগবান করতে হবে। অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক গড়ে তুলতে হবে। সভায় কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নোয়াখালী জেলায় কর্মরত ১১ জন পুলিশ সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করেন ডিআইজি।
পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার, পিবিআই ও সিআইডি নোয়াখালীর প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সার্কেলের কর্মকর্তা, ইউনিট ইনচার্জ এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















