কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ ওসি টেকনাফের সাইফুল ইসলাম
কক্সবাজার জেলার ৯টি থানার মধ্যে টেকনাফ মডেল থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়েছে। ওয়ারেন্ট তামিল, পলাতক আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার ও মানবপাচারকারীদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান আনুষ্ঠানিকভাবে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
জেলায় শ্রেষ্ঠত্বের সম্মাননা অর্জনের পর টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তিনি টেকনাফ মডেল থানায় কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীকে ধন্যবাদ জানান। এ অর্জনের জন্য তিনি কক্সবাজারের পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওসি সাইফুল ইসলাম বলেন, টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর রাখতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। এ কাজে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, মাদক ও মানবপাচারসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি টেকনাফবাসীর প্রতি আহ্বান জানান।
টেকনাফ মডেল থানার এই স্বীকৃতি এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

















