মুন্সীগঞ্জে মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন পুলিশ সুপার
“যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হবে। একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ বিনির্মাণে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, পরিবার থেকে শুরু করে সর্বস্তরের জনগণকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।” মুন্সীগঞ্জের সিরাজদিখানে আয়োজিত এক সচেতনতামূলক সভায় এ কথা বলেন জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম।
সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে তিনটায় সিরাজদিখানের চোকদারপাড়া ঈদগাহ মাঠে মুন্সীগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিংয়ের সদস্য ও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল্লাহ।
সভায় বক্তারা মাদক, জুয়া, কিশোর অপরাধ, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতনকে সমাজের অন্যতম প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত করেন। যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে কঠোরভাবে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়। এ ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ ও সমন্বিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
সভায় জানানো হয়, কেবল প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে অপরাধ দমন সম্ভব নয়; এর জন্য প্রয়োজন গণসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত সামাজিক আন্দোলন।
সভা শেষে সিরাজদিখান এলাকাকে সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে উপস্থিত সকলে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



















