প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সিরামিক শিল্পের যৌথ সহযোগিতার আহ্বান
প্রযুক্তিগত উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক বাজারে দেশের সিরামিক শিল্পের প্রতিযোগিতাসক্ষমতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। শনিবার ( ৮ আগস্ট) ঢাকার লেকশোর হোটেলে অনুষ্ঠিত ‘চায়না-বাংলাদেশ সিরামিকস অ্যানুয়াল কনফারেন্স ২০২৬’-এ এই আহ্বান জানান সিরামিক খাতের শীর্ষ নেতারা ও বিশেষজ্ঞরা।
বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) এবং চীনের ফোশান ইউনিসিরামিকস এক্সপো যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। ‘এমপাওয়ারিং টেকনোলজি, উইনিং টুমরো টুগেদার’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে দুই দেশের আন্তর্জাতিক প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ ও সিরামিক শিল্পের উদ্যোক্তারা অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বিসিএমইএর মহাসচিব ও ফার সিরামিকস লিমিটেডের পরিচালক ইরফান উদ্দিন বলেন, আধুনিক যুগে শিল্পের অগ্রগতি অংশীদারত্ব ও সহযোগিতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জ্ঞান বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী সিরামিক শিল্প গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
ইউনিসিরামিকস চীনের ওভারসিজ বিজনেস ডিপার্টমেন্টের ব্যবস্থাপক ইভা চ্যান বাংলাদেশের সিরামিক বাজারের সম্ভাবনার কথা তুলে ধরে জানান, বাংলাদেশে বর্তমানে মাথাপিছু সিরামিক পণ্যের ব্যবহার প্রায় এক বর্গমিটার, যা বড় প্রবৃদ্ধির সুযোগ তৈরি করেছে। এ সময় তিনি মূল্যনির্ভর প্রতিযোগিতার পরিবর্তে মান, নকশা ও ব্র্যান্ডিংয়ের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।
বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম বলেন, চীনা ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব।
বিসিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ও এক্স সিরামিকস গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ এফসিএমএ জানান, বাংলাদেশের সিরামিক শিল্প একটি দ্রুত বিকাশমান খাত। বর্তমানে উৎপাদিত বিশ্বমানের টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারি ওয়্যার ইউরোপ, উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বাজারে রপ্তানি হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্য ও জ্বালানি সংকট উত্তরণের উপায়:
প্রধান অতিথির বক্তব্যে বিসিএমইএর সভাপতি ও মন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ময়নুল ইসলাম বলেন, এই সম্মেলন দুই দেশের শিল্প খাতের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের অন্যতম প্ল্যাটফর্ম। চীনের উৎপাদন দক্ষতা ও উদ্ভাবনী প্রযুক্তি থেকে শিক্ষা নেওয়ার পাশাপাশি তিনি জ্বালানি সংকট মোকাবিলায় বৈদ্যুতিক কিলন ও হাইড্রোজেন-সমৃদ্ধ হিটিং সিস্টেমের মতো বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
বিসিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ও এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হাকিম সুমন সমাপনী বক্তব্যে গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে সৌরশক্তিসহ বিকল্প জ্বালানি ব্যবহারের ওপর জোর দেন।
কারিগরি অধিবেশন ও অন্যান্য কার্যক্রম:
উদ্বোধনী পর্ব শেষে চীনা প্রতিনিধি ও সম্মেলনে অবদান রাখা ব্যক্তিদের ক্রেস্ট প্রদান করা হয়। পরবর্তীতে ‘টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ইন ইন্ডাস্ট্রি অ্যান্ড বাংলাদেশ মার্কেট পটেনশিয়াল’ শীর্ষক কারিগরি অধিবেশনে সভাপতিত্ব করেন বিসিএমইএর সহসভাপতি ও মন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রশীদ মায়মুনুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আকিজ সিরামিকস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জিয়াউর রহমান।
অধিবেশনে আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলমসহ চীন ও বাংলাদেশের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
শেষে নেটওয়ার্কিং সেশন এবং বিসিএমইএর পরিচালক ও হুয়া থাই সিরামিকস ইন্ডাস্ট্রি লিমিটেডের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াউল হক (জিকো)-এর সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী এই সম্মেলনের সমাপ্তি ঘটে।















