গাইবান্ধায় নানা কর্মসূচিতে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’
গাইবান্ধায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬’। দিবসটি উপলক্ষে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে জেলার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন এর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে ১০ টায় গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।












