জামালপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’
“জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে ধারণ করে জামালপুরে যথাযোগ্য শ্রদ্ধা ও মর্যাদার সাথে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট ) সকাল ৮ টায় জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করেন জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
পুষ্পস্তবক অর্পণ শেষে পুলিশ সুপারসহ উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং তাদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।
এ সময় বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার ও ন্যায়ের সংগ্রামে শহীদদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জুলাই শহীদদের এই অসামান্য আত্মত্যাগ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মকে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সর্বদা অনুপ্রাণিত করবে।












