শেরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ’
যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সাথে শেরপুরে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা পুলিশের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট ) সকালে শেরপুরের শহীদ দারোগ আলী পৌর পার্ক সংলগ্ন ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শেরপুর জেলার পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।
শ্রদ্ধা নিবেদন শেষে শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সম্মুখসারির জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণ শেষে শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলার পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে এক অনন্য মাইলফলক। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” বক্তারা শহীদদের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জুলাই শহীদ পরিবারের সদস্য ও যোদ্ধাগণ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।












