হবিগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
‘‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’’—এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬” এর শুভ উদ্বোধন করা হয়েছে। গত ২৬ জুলাই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ, নিমতলায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব জি কে গউছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. তারেক মাহমুদ এবং সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বেশি করে গাছ লাগানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সবুজ ও বাসযোগ্য হবিগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধান অতিথি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. তারেক মাহমুদ বলেন, পরিবেশ রক্ষায় বাংলাদেশ পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে এবং আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয়ভাবে পাশে থাকবে।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উপস্থিত সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করেন। পরিবেশ রক্ষার্থে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি বৃক্ষরোপণ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
















