মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে ‘মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত হয়েছে। সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে আয়োজিত এই প্যারেডটি জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সম্পন্ন হয়।
প্যারেডে সালাম গ্রহণ ও পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম। পরিদর্শনকালে তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি জনসাধারণের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এছাড়া শারীরিক সক্ষমতা (ফিটনেস) বজায় রাখা, স্বাস্থ্য সচেতনতা এবং কর্মস্থল ও নিজের পরিচ্ছন্নতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্যারেডে উপস্থিত সদস্যদের টার্নআউট এবং পুলিশের নির্ধারিত ড্রেস-রুলস যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেন এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠিত এই মাস্টার প্যারেডে প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) শাহ শরফুদ্দিন মাহিন।
এ সময় জেলা পুলিশের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) কামরান হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মোঃ ইমরান আহম্মেদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোঃ আনিসুর রহমান; সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আনোয়ার পারভেজ এবং শিক্ষানবিস প্রবেশনার সহকারী পুলিশ সুপার লিজা আক্তার ও সুমন চন্দ্র ক্ষত্রিয়।
এছাড়া জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন পুলিশ ফাঁড়ি ও ক্যাম্পের ইনচার্জগণসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ প্যারেডে অংশগ্রহণ করেন।















