সকলের সম্মিলিত সহযোগিতায় মাদক নির্মূল করতে চান চাঁদপুরের পুলিশ সুপার
চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান বলেছেন, “যারা মাদক সেবন করে এবং মাদক বিক্রি করে তারা পুলিশের খাতায় নাম লেখায়। কিন্তু তার আগে তারা আপনাদের ভাই, আপনাদের প্রতিবেশী কিংবা আপনাদের সন্তান। তাই যারা মাদক বিক্রি করে এবং মাদক সেবন করে, সকলের সম্মিলিত সহযোগিতায় তাদের রুখে দিয়ে মাদক নির্মূল করা হবে।”
শনিবার (২৭ জুন) বিকেলে হানারচর ইউনিয়নের জনগণের উদ্যোগে আয়োজিত এক ‘কিশোর গ্যাং ও মাদকবিরোধী আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ প্রশাসন থাকতে এই এলাকায় মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজদের কোনো স্থান হবে না।
হানারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার আহমেদ গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হোসেন টেলু বেপারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান মোঃ শফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন এবং সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী। এছাড়াও সভায় বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।
আলোচনা সভায় বক্তারা হানারচর ইউনিয়নের অতীত ও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বলেন, “একসময় হানারচর ইউনিয়নে চোর-ডাকাতদের উপদ্রব ছিল, যাদেরকে কঠিনভাবে দমন করা হয়েছে।
এবার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের জন্য এক সপ্তাহের সময় বেঁধে দেওয়া হলো। তারা যদি এই সময়ের মধ্যে সঠিক পথে ফিরে না আসে, তবে তাদেরকে কঠোরভাবে নির্মূল করা হবে।”
কিশোর গ্যাং ও মাদকবিরোধী এই আলোচনা সভাটিকে সফল করতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।









