সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা এবং মে মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন রবিবার দিনব্যাপী পৃথক দুটি ভেন্যুতে এই সভাগুলোর আয়োজন করা হয়।
সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম-এর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার।
কল্যাণ সভায় উপস্থিত পুলিশ সদস্যরা তাদের পেশাগত বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয়তা ও বিভিন্ন সুপারিশ পুলিশ সুপারের নিকট তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন।
অপরাধ পর্যালোচনা ও পুরস্কার বিতরণী সভা কল্যাণ সভা শেষে দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মে’ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং অপরাধ দমনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অপরাধ পর্যালোচনা সভায় মাদক উদ্ধার, চোরাচালান রোধ এবং সর্বোচ্চ ওয়ারেন্ট (পরোয়ানা) তামিলকারী জেলার শ্রেষ্ঠ ও চৌকস পুলিশ অফিসারদের কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মো: রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মুরসালিন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) এস এম ফজলে রাব্বি রাজিব, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।









