নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে গাইবান্ধার পুলিশ সুপার
পবিত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে সাধারণ মানুষের ঘরে ফেরা নিরাপদ ও নির্বিঘ্ন করতে মাঠে নেমেছেন গাইবান্ধার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন। বুধবার (১৮ মার্চ) দুপুরে উত্তরবঙ্গের অন্যতম প্রবেশদ্বার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানাধীন মায়া মনি মোড় এলাকায় মহাসড়কের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও যানবাহন চলাচল সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে কথা বলেন এবং যানজট নিরসন ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে কোরবানির পশু ও যাত্রীবাহী যানবাহনের চাপ সামলাতে পুলিশকে সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সরেজমিনে পরিদর্শনকালে পুলিশ সুপার নিজে বেশ কিছু যানবাহনের ফিটনেস যাচাই করেন এবং চালকদের ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন। এছাড়াও তিনি সরাসরি সাধারণ যাত্রীদের সাথে মতবিনিময় করেন। যাত্রীরা পথে কোনো প্রকার হয়রানি বা বাড়তি ভাড়ার শিকার হচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের এ ব্যাপারে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেন।
মানুষের ঈদ আনন্দ যেন বিষাদে পরিণত না হয়, সেজন্য জেলা পুলিশ বদ্ধপরিকর। মহাসড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পকেটমার, মলম পার্টি ও অজ্ঞান পার্টির দৌরাত্ম্য রোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।










