নওগাঁয় নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনা:
হাসপাতালে আহতদের পাশে বিভাগীয় কমিশনার, ডিআইজি ও পুলিশ সুপার
ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশন অতিক্রম করার পর তিলকপুর ইউনিয়নের পাটমারি ও সান্তাহারের মধ্যবর্তী স্থানে লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন, যাদের উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে নওগাঁ সদর হাসপাতাল পরিদর্শন করেছেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনকালে তারা প্রতিটি রোগীর শয্যাপাশে যান এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকারী দলে উপস্থিত ছিলেন ড. আ.ন.ম বজলুর রশীদ, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রাজশাহী বিভাগ। মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, ডিআইজি, রাজশাহী রেঞ্জ। মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নওগাঁ। মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নওগাঁ।
পরিদর্শন শেষে কর্মকর্তাবৃন্দ আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তারা আহত যাত্রীদের সাহস যোগান এবং মহান আল্লাহর নিকট তাঁদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। বিশেষ করে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আহতদের উদ্ধার তৎপরতা এবং হাসপাতালে তাদের নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়টি সার্বক্ষণিক তদারকি করছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া রোগীদের অধিকাংশেরই বাড়ি রংপুর ও নীলফামারী জেলায়। রেললাইনচ্যুত হওয়ার সময় আকস্মিক ঝাঁকুনি ও বগির ভেতরে ছিটকে পড়ে তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের সব ধরণের সহযোগিতা প্রদান করা হবে।
উল্লেখ্য, ট্রেনটি সান্তাহার রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই পাটমারি এলাকায় পৌঁছালে কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করছে।










