নওগাঁয় শহীদ পুলিশ পরিবারে আইজিপির ঈদ উপহার পৌঁছে দিলেন পুলিশ সুপার
দেশ ও জাতির সেবায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সম্মান ও সহমর্মিতা জানাতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ পুলিশ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইজিপি এর পক্ষ থেকে নওগাঁ জেলার শহীদ পুলিশ পরিবারগুলোর মাঝে ঈদ উপহার ও বিশেষ শুভেচ্ছাবার্তা প্রদান করা হয়েছে।
১৮ মার্চ বুধবার নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নিজে উপস্থিত থেকে জেলার জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের হাতে আইজিপির পাঠানো উপহার সামগ্রী ও শুভেচ্ছাবার্তা তুলে দেন। উপহার প্রদানের পাশাপাশি তিনি প্রতিটি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের বর্তমান অবস্থার খোঁজ-খবর নেন।
উপহার বিতরণকালে পুলিশ সুপার আবেগঘন কণ্ঠে বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমাল বাঁচাতে গিয়ে আমাদের যে সকল সহকর্মী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের এই ঋণ কোনো কিছু দিয়েই শোধ করা সম্ভব নয়। জাতি তাদের আত্মত্যাগ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’
তিনি আরো বলেন, ‘শহীদ পুলিশ সদস্যদের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ সবসময় অভিভাবক হিসেবে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আপনাদের যেকোনো প্রয়োজনে আমরা দ্রুত সাড়া দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
অনুষ্ঠানে নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই তাদের এই নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উপহার পৌঁছে দেওয়া হয়েছে।










