রাজশাহীতে আইজিপির ঈদ উপহার তুলে দিলেন পুলিশ সুপার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার (১৮ মার্চ) সকালে রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে এক আবেগঘন পরিবেশে শহীদ পুলিশ সদস্যদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আইজিপি মো. আলী হোসেন ফকির-এর পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। ২০২৫ সালে দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যে সকল পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন, তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ পরিবারের সদস্যদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন।
উপহার প্রদানকালে পুলিশ সুপার বলেন, ‘পুলিশ সদস্যরা জনগণের জানমাল রক্ষায় নিজেদের জীবন বিলিয়ে দিতে দ্বিধাবোধ করেন না। তাদের এই ত্যাগ চিরস্মরণীয়। ঈদ আনন্দ যেন এই পরিবারগুলোর কাছে ম্লান না হয়, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। বাংলাদেশ পুলিশ সবসময় এই পরিবারগুলোর পাশে অভিভাবক হিসেবে থাকবে।’
উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপহার গ্রহণকালে শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশের এই ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু উৎসব নয়, সারা বছরই এসব পরিবারের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ পাশে থাকবে।










