সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সুনামগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে সুনামগঞ্জ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে একটি আলোচনা সভা, জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ (২২৭) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক অসীম চন্দ্র বণিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা, জুলাই শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের গৌরবোজ্জ্বল ইতিহাস, এর তাৎপর্য এবং শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠান শেষে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।














