চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিনের ৩ দিনের সফরসূচি ঘোষণা
জাতীয় সংসদের চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনের আগামী ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত তিন দিনের বিস্তারিত সফরসূচি ঘোষণা করা হয়েছে। সফরকালে তিনি উভয় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন, শিক্ষক ও জনসাধারণের সাথে মতবিনিময় এবং বিভিন্ন দাপ্তরিক সভায় অংশ নেবেন।
সফরের প্রথম দিন ৩১ জুলাই সকালে নিজ বাসভবনে মতলব দক্ষিণের দর্শনার্থীদের সাথে সাক্ষাৎ করবেন সংসদ সদস্য। এরপর তিনি মতলব দক্ষিণের চলমান উন্নয়নমূলক প্রকল্পের কাজসমূহের গুণগতমান পরিদর্শন করবেন। বাবুরপাড়া মিজি বাড়ীর জামে মসজিদে জুম্মার নামাজে অংশগ্রহণ করবেন। বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মাসিক সভায় যোগদানের পর সন্ধ্যায় নিজ বাসভবনে নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও সাক্ষাৎ করবেন।
সফরের দ্বিতীয় দিন ১ আগস্ট শনিবার সকালে মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার মান ও পরিবেশ নিয়ে আলোচনা সভায় যোগ দেবেন। এরপর বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন ও মধ্যাহ্নভোজ শেষে বিকেলে একই অডিটোরিয়ামে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিশেষ বৈঠকে অংশ নেবেন। দিনশেষে উপজেলা কমপ্লেক্সে নেতাকর্মী ও জনসাধারণের সাথে সাক্ষাৎ করবেন। এই দিনের বেশ কিছু কর্মসূচির আয়োজনে রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অফিস।
সফরের শেষ দিন ২ আগস্ট সকাল ১১টায় কেফর্ট কলেজিয়েট স্কুল ও কলেজের অডিটোরিয়ামে সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সাথে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন ও পরিবেশ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হবে।
এদিকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি কোনো রাষ্ট্রীয় কাজ থাকলে এই সফরসূচিতে পরিবর্তন আসতে পারে। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত অনুলিপিটি জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসারসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে পাঠানো হয়েছে।











