জনসাধারণকে সর্বোচ্চ পুলিশি সেবা দেওয়ার নির্দেশ দিলেন বাগেরহাটের এসপি
বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থেকে জনসাধারণকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানের আহ্বান জানিয়েছেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। সোমবার (১৩ জুলাই ২০২৬) বাগেরহাট জেলা পুলিশ লাইন্সে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
কল্যাণ সভার শুরুতেই গত মাসের সভায় প্রস্তাবিত কল্যাণমূলক দাবিগুলো সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করা হয়। এরপর পুলিশ সুপার বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র ও পুলিশ লাইন্স থেকে আগত অফিসার ও ফোর্সের সাথে সরাসরি কথা বলেন এবং তাঁদের সামগ্রিক সমস্যার কথা শোনেন। সদস্যদের উল্লেখিত সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য তিনি সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন।
এ সময় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বেশ কয়েকজন সদস্য এবং গ্রাম পুলিশকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
সভায় পুলিশ সুপার বলেন, “পুলিশের মূল লক্ষ্যই হলো জনগণের সেবা করা। শৃঙ্খলা রক্ষা ও পেশাদারিত্ব বজায় রেখে প্রতিটি সদস্যকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।”









