খাগড়াছড়ির গুইমারা থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার
খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন মঙ্গলবার (২৮ এপ্রিল) আকস্মিকভাবে গুইমারা থানার সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন। পেশাদারিত্ব নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নের লক্ষ্যে এই ঝটিকা সফর করেন তিনি।
গুইমারা থানায় পৌঁছালে পুলিশ সুপারকে উষ্ণ অভ্যর্থনা জানান থানা পুলিশের সদস্যবৃন্দ। এরপর তিনি থানার মালখানা, হাজতখানা, অস্ত্রাগার এবং বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি থানার দৈনন্দিন কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন এবং দাপ্তরিক কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার কর্মরত অফিসার ও ফোর্সের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। তিনি পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দেন।
বাকি সমস্যাগুলো বিধি মোতাবেক দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন তিনি।পরিশেষে, পুলিশ সুপার সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
গুইমারা থানা এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার নির্দেশ প্রদান করেন।









