রাঙ্গামাটিতে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে আইজিপি’র ঈদ উপহার প্রদান
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাঙ্গামাটিতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির এর পক্ষ থেকে এই উপহার সামগ্রী প্রদান করেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
রাঙ্গামাটিতে ২০২৫ সালে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মুখে ঈদের হাসি ফোটানো এবং তাদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে এ উপহার তুলে দেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উপহার প্রদানকালে পুলিশ সুপার শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি বলেন, “পুলিশ সদস্যরা দেশের জন্য যে মহান আত্মত্যাগ করেছেন, তা কখনোই ভোলার নয়। বাংলাদেশ পুলিশ সর্বদা এই বীর সদস্যদের পরিবারের পাশে আছে এবং থাকবে।”
শহীদ পরিবারের সদস্যরা আইজিপির এই আন্তরিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই মানবিক সহায়তার মাধ্যমে শোকাতুর পরিবারগুলোতে ঈদের আনন্দ কিছুটা হলেও সঞ্চারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।










