বিরামপুরে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী ও ভিক্ষুক পুনর্বাসনে অনুদান ও গবাদি পশু বিতরণ
দিনাজপুরের বিরামপুরে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় এক বিশেষ অনুদান ও গবাদি পশু বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা সমাজকল্যাণ কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেন, “সরকার দেশের প্রতিটি নাগরিকের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। ভিক্ষুকমুক্ত সমাজ গঠন এবং ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
” তিনি উপকারভোগীদের প্রাপ্ত সহায়তার সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা বলেন, টেকসই উন্নয়নের জন্য সামাজিক বৈষম্য দূর করা জরুরি।
এ ধরনের মানবিক উদ্যোগ অপরাধ দমনেও পরোক্ষভাবে ভূমিকা রাখে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় স্থানীয় ভিক্ষুকদের মাঝে নগদ অনুদান ও গবাদি পশু (গরু/ছাগল) বিতরণ করেন। একই সাথে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য নির্ধারিত সরকারি সহায়তাও প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।















