সড়ক পরিবহন মন্ত্রীর সন্তোষ প্রকাশ
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে মুন্সীগঞ্জ জেলা পুলিশের কঠোর নজরদারি
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।
মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর প্রত্যক্ষ তদারকিতে এবং জেলা পুলিশের সিনিয়র অফিসারদের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিশেষ করে ঢাকা-মাওয়া মাওয়া টোল প্লাজায় লেন ব্যবস্থাপনায় গতি আনা এবং যানজট নিরসনে পুলিশ বিশেষ সহায়তা প্রদান করছে। এছাড়া মহাসড়কে সার্বক্ষণিক টহল, রেকার সার্ভিস এবং চেকপোস্টের মাধ্যমে নজরদারি কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে।
ঢাকা-মাওয়া মহাসড়কের সার্বিক পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। পরিদর্শনকালে তিনি জেলা পুলিশের গৃহীত কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন এবং যাত্রীসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। নিরাপত্তা ও অপরাধ দমনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম মহাসড়কে শুধুমাত্র যানজট নিরসনই নয়, বরং যাত্রীদের হয়রানি বন্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।
বাসে বা মহাসড়কে যেকোনো ধরনের চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অজ্ঞান পার্টি বা মলম পার্টির খপ্পর থেকে যাত্রীদের রক্ষায় বিশেষ টিম কাজ করছে।
এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শুধুমাত্র ঈদের আগে নয়, বরং ঈদ পরবর্তী ফিরতি যাত্রা শেষ না হওয়া পর্যন্ত মহাসড়কে বলবৎ থাকবে জানিয়েছেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
পরিদর্শনকালে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা পুলিশের এই নিরলস প্রচেষ্টা সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

























