মানিকগঞ্জে পুনাকের উদ্যোগে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
মানিকগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মানিকগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি। গত ১৬ মার্চ সোমবার দিনব্যাপী মানিকগঞ্জ সদর থানাধীন বিভিন্ন গ্রাম ও শহরের নিম্নআয়ের মানুষের মাঝে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
পুনাক, মানিকগঞ্জের আয়োজনে এই মানবিক কর্মসূচিতে উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের সহধর্মিণী ও পুনাক সভানেত্রী খাদিজা আকতার।
উপহার বিতরণকালে পুনাক সভানেত্রী বলেন, “ঈদের আনন্দ কেবল নির্দিষ্ট কোনো শ্রেণির জন্য নয়, বরং সবার সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করে নেওয়াই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষ যাতে পরিবার-পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি আরও জানান, প্রতিবছরের ন্যায় আগামীতেও পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সরেজমিনে দেখা যায়, গ্রাম ও শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসহায় ও ছিন্নমূল মানুষ ঈদের আগাম উপহার পেয়ে অত্যন্ত আনন্দিত ও সন্তোষ প্রকাশ করেছেন।
বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য যা ঈদ উদযাপনে সহায়ক হবে। অনুষ্ঠানে পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

























