নরসিংদীতে পুনাকের উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদীতে অসহায় ও দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ঈদ বস্ত্র বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নরসিংদী। সোমবার (১৬ মার্চ) দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
নরসিংদী পুনাকের সভানেত্রী আজমীরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় অসহায় ও সুবিধাভোগী মানুষের মাঝে নতুন শাড়ি, লুঙ্গি এবং শিশুদের জন্য রঙিন পোশাকসহ বিভিন্ন ধরনের ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে আজমীরা পারভীন বলেন, “ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দ তখনই পূর্ণতা পায় যখন আমরা সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি। পুনাক সব সময় মানবিক কাজে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি অসহায় মানুষের ঈদে কিছুটা আনন্দ যোগ করতে পারে, তবেই আমাদের সার্থকতা।”
এ সময় তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নরসিংদী জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নতুন পোশাক হাতে পেয়ে উপস্থিত সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের চোখে-মুখে আনন্দের আভা লক্ষ্য করা গেছে।

























