চাঁদপুরে মাদক বিরোধী সমাবেশ
মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ সুপার রবিউল হাসানের প্রত্যয়
”মাদকমুক্ত সমাজ গঠনে চাঁদপুর জেলা পুলিশ বদ্ধপরিকর”—এই অঙ্গীকার নিয়ে চাঁদপুরে এক বিশাল মাদক বিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ২ নং আশিকাটি ইউনিয়নের রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত) মোঃ রবিউল হাসান।
তিনি তার বক্তব্যে মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক কেবল একটি পরিবারকে ধ্বংস করে না, এটি একটি জাতির মেধা ও সম্ভাবনাকে সমূলে বিনষ্ট করে। মাদক নির্মূলে শুধু পুলিশি অভিযান যথেষ্ট নয়, বরং এর জন্য প্রয়োজন শক্তিশালী সামাজিক প্রতিরোধ।
তিনি আরও বলেন, “আমরা একটি নিরাপদ ও মাদকমুক্ত চাঁদপুর গড়তে চাই যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ পরিবেশে বেড়ে উঠবে। এই লক্ষ্য অর্জনে প্রতিটি নাগরিককে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।”
সমাবেশ চলাকালীন পুলিশ সুপার স্থানীয় জনসাধারণের মতামত ও সমস্যার কথা সরাসরি শোনেন। তিনি সাধারণ মানুষের অভিযোগ ও পরামর্শ গুরুত্বের সাথে গ্রহণ করেন এবং মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন।
একটি সুন্দর সমাজ বিনির্মাণে তিনি সকলের সম্মিলিত সহযোগিতা ও সরাসরি অংশগ্রহণ কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোঃ খায়রুল কবীর, অফিসার ইনচার্জ (ওসি), চাঁদপুর সদর মডেল থানা।
এছাড়াও সংশ্লিষ্ট ইউনিয়নের বিট অফিসারবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ সমাবেশে অংশ নেন।
উপস্থিত স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।



















