আইজিপির সঙ্গে মাল্টার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন
মাল্টার রাষ্ট্রদূত (বাংলাদেশ ও ভারত) রিউবেন গাউচি (Reuben Gauci)। ৩০ মার্চ সোমবার তিন সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি।
সাক্ষাতকালে মাল্টার রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে আন্তরিক অভিনন্দন জানান। আলোচনাকালে তিনি সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের সক্রিয় ভূমিকার কথা তিনি গুরুত্বের সাথে উল্লেখ করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে নিরাপত্তা ও অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো, ভিসা জালিয়াতি প্রতিরোধ, সাইবার ক্রাইম মোকাবিলা, মানবপাচার রোধ, পুলিশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি।
আইজিপি মোঃ আলী হোসেন ফকির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত তাঁর স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি পুলিশের চলমান সংস্কার প্রক্রিয়া এবং কারিগরি সক্ষমতা বৃদ্ধিতে মাল্টার সহযোগিতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দুই পক্ষই ভবিষ্যতে অপরাধ দমন ও দক্ষতা উন্নয়নে একে অপরের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।



















