নারায়ণগঞ্জে পুলিশের ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার
নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) এসএম লুৎফর রহমান ডিউটিরত থাকা অবস্থায় নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে থেকে মোটরসাইকেল যোগে ৩ জন দুষ্কৃতিকারী চাপাতিসহ দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও আঘাত করে তার সরকারি ইস্যুকৃত ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি ছিনতাই করে নিয়ে যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) এসএম লুৎফর রহমান এর এজাহারের পরিপ্রেক্ষিতে অজ্ঞাতনামা ৩ জন আসামির বিরুদ্ধে একটি দস্যুতা মামলা দায়ের করা হয়।
ঘটনার পরপরই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী এর নেতৃত্বে অতি. পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাছিনুজ্জামান সহ সদর মডেল থানা ও ফতুল্লা মডেল থানা পুলিশ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. ইব্রাহিম হোসেন-এর নেতৃত্বে গোয়েন্দা শাখার একাধিক টিম যৌথভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ পূর্বক পর্যালোচনা করে অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে মো. মিশাল ওরফে বিশালকে (৩০) বন্দর থানাধীন সোনাকান্দা ব্যাপারিপাড়া থেকে গ্রেপ্তার করা হয় এবং ছিনতাই কাজে ব্যবহৃত ১টি চাপাতি, ১টি ছোঁড়া এবং ১টি বড় চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মো. মিশালকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, বন্দর থানাধীন রেলী আবাসিক এলাকায় ছিনতাইকৃত অস্ত্র ও গুলি রেখে দিয়েছে।
অতঃপর গ্রেপ্তারকৃত আসামি মো. মিশালের দেখানো মতে বন্দর থানা পুলিশের সহযোগিতায় বন্দর থানাধীন ২২নং ওয়ার্ডের উইলসন রোড রেলী আবাসিক এলাকার মো. শরিফ উদ্দিনের ৫১১ নম্বর নতুন (পুরাতন ৬৪৫) বাড়ির সামনে পরিত্যক্ত সিমেন্টের বস্তার ভিতর হতে ৯ মার্চ দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে একটি লাল কাপড়ের শপিং ব্যাগে রঙ্গিন কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ছিনতাইকৃত ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অন্যান্য আসামিদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
You sent
















